দেবিদ্বারে ট্রাকের পক্ষে বিএনপির নেতাকর্মীরা

জয় পেতে মরিয়া ১১ দলীয় জোট

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা তাই এখন তুঙ্গে। চলছে নির্বাচনে জয় পেতে ‘কৌশলের’ প্রতিযোগিতা। এ আসনে উচ্চ আদালতে শেষ আইনি লড়াইয়েও প্রার্থিতা ফিরে পাননি বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এ অবস্থায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বিএনপির সাবেক চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও দলের নেতাকর্মীরা। গত বুধবার বিকালে দেবিদ্বারে নিজ বাসভবনে গণঅধিকার পরিষদের নেতকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সী জানিয়েছেন, তার সব নেতাকর্মী জসিম উদ্দিনের পক্ষে ভোটের মাঠে কাজ করছেন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির বরাত দিয়ে দলটির কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের পক্ষে নেতাকর্মীদের ভোটের মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি অভ্যন্তরীণভাবে আমাদের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। এ অবস্থায় মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের মাঠ থেকে ছিটকে পড়ায় যারা খুশি হয়েছিলেন তারা একটু ভাবনার মধ্যেই পড়েছেন। স্থানীয় ভোটার ও পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির মঞ্জুরুলের মনোনয়ন বৈধতা না পাওয়ায় বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের সমর্থন দেওয়ার আলোচনা ভোটের মাঠে চাউর হয়ে গেছে। এদিকে গত কয়েক দিনে ভোটের মাঠের পরিস্থিতি ভেতরে ভেতরে বদলে গেছে। এখন চলছে কৌশলের নীরব খেলা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দেবিদ্বারে বিএনপির প্রার্থী মাঠে না থাকায় দলের নেতাকর্মীদের বড় অংশই এখন জমজমাট লড়াই দেখতে কৌশলী তৎপরতা চালাচ্ছে।