সিরাজগঞ্জে বাণিজ্যিক ফুল চাষে সাফল্য
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে ফুলবাগান চাষে দুই বন্ধু সফলতা অর্জন করেছেন। এ চাষে তারা পেয়েছেন জাতীয় পুরস্কার। এ সাফল্য অর্জন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও আমিনুল ইসলাম (৪১)। জানা যায়, উক্ত উপজেলার যমুনা নদীর তীর এলাকার একডালা গ্রামের ওই ২ বন্ধু প্রায় ১৮ বছর আগে চাকুরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন এবং তারা বিশেষ প্রযুক্তিতে স্বল্প পরিসরে ফুল চাষ শুরু করেন। ক্রমাগতভাবে এ চাষের পরিধি বেড়ে যায় এবং বর্তমানে প্রায় সাড়ে ৩ একর জমিতে এ ফুল চাষ করে সাফল্য অর্জন করেছেন। তারা প্রতি বছর প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন জাতের ফুল বিক্রি করেন।
এ সাফল্য অর্জন দেখে এলাকার অনেক আদর্শ কৃষক ফুল চাষে ঝুকে পড়েছেন। এ নিয়ে ওই গ্রাম ফুল গ্রাম হিসেবেও পরিচিত হচ্ছে। ওই দুই বন্ধু কম খরচে ফুল চাষ করে আর্থিকভাবে সফলতা অর্জন করেছেন এবং জাতীয় পুরস্কারও লাভ করেছেন। এ পুরষ্কারপ্রাপ্ত ২ বন্ধুর বাগানে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবারা, গার্ডিওলাসসহ দেশি বিদেশি অনেক রকমের ফুল।
ফুল বাগান চাষি শহিদুল ও আমিনুল আক্ষেপ করে বলেন, এ ফুল বাগান চাষে প্রথমে এলাকার কিছু লোকজন হেও প্রতিপন্ন ও নানা রকম কথাবার্তা বলত।
এরপরেও এ বাগান চাষে হাল ছাড়ি নাই। প্রথমে এক বিঘা জমিতে ফুল চাষ করছি এবং লাভজনক এ চাষে বর্তমানে সাড়ে ৩ একর জমিতে ফুল চাষ করছি। এ ফুল বাগান চাষে স্থানীয় কৃষি বিভাগও সহযোগিতা করছে। এ ফুল কিনতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন এবং তারা ভালো দামে এ ফুল কিনে স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে। এবার ওই ২ বন্ধু আশা করছেন, ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বিপুল টাকার ফুল বিক্রি করবেন।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের একজন কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে জানান, ওই ২ বন্ধুর চেষ্টায় তারা এ সাফল্য অর্জন করেছেন। এবারও তারা ফুলবাগানে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। স্থানীয় কৃষি বিভাগও তাদের পরামর্শ দিচ্ছে। এ চাষে তারা সফলতা অর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
