আনসার-ভিডিপির নির্বাচনি প্রস্তুতি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু করতে আনসার ও ভিডিপির এক নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ কমান্ডার আবদুস সামাদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে তিন হাজার ৮১ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ২৩৭টি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সমাবেশে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
