আশুলিয়ায় প্রিন্টিং কারখানা ও সাত দোকান পুড়ে ছাই
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এই সময় কারখানার পাশে থাকা ৪টি মুদি দোকানসহ মোট ৭টি মুদি দোকান ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের বিষয়টি জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এরআগে, গত শনিবার রাত ২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর পূর্বপাড়া এলাকার আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন কমিটমেন্ট মোল্লা প্রিন্টিং কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
কারখানার কালার মাস্টার তারেক রহমান জানান, রাত ২টার দিকে তাদের কারখানার নিরাপত্তাকর্মীর খবরে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন সব পুড়ছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে তাদের প্রায় ৩ লাখ টাকার কাপড়, দুইটি মেশিন, কম্প্রেসর মেশিন দুটি, বেলকিউরিং মেশিন ১টা, জেনারেটর ১টা, অটোভ্যান ১টা, ৩ লাখ টাকার কেমিক্যাল, কম্পিউটারসহ সমস্ত মালামাল পুড়ে যায়। এতে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও, কারখানার পাশে থাকা একটি ইলেকট্রনিক্সের দোকান, ৪টা মুদি দোকান, একটা বিকাশের দোকান, এনজিও অফিস ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে ৫টা ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ওই কারখানাসহ পাশের ৭টি দোকানও পুড়ে যায়।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
