দেশ থেকে দুই ভূত বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়েছি

বললেন মামুনুল হক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা দেশ থেকে দুই ভূত বিতাড়িত করতে ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি। রাজনীতি থেকে এ ভূত বিতাড়িত করতে হবে।

এক ভূত হলো সন্ত্রাস ও চাঁদাবাজি আর এক ভূত হলো জনগণের সম্পদ নিয়ে দুর্নীতি। রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী (রিকশা প্রতীক) মুফতি আব্দুর রউফ সরকারের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে ঐক্যবদ্ধ হইনি। বঞ্চিত, নিপীড়িত ও ভাগ্যহত ১৮ কোটি মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ঐক্য। এ দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বপ্ন পূরণ আজও হয়নি।

মহান মুক্তিযুদ্ধের পর মানুষ ভেবেছিল তারা নিজেদের শাসন করবে। কিন্তু আজও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার। দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হলে যেমন হিন্দুরা অধিকার থেকে বঞ্চিত হবে না।

মুসলমানরাও অধিকার থেকে বঞ্চিত হবে না। ইনসাফ কায়েম হলে কোনো শিশুকে নির্যাতন করার সুযোগ থাকবে না। কোনো নারীকেও কেউ তার প্রাপ্য ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটি সমাজ গঠিত হবে। দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।