দিনাজপুরে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরে ইরি বোরো চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। চলতি ইরি বোরো মৌসুমে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় একলাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উফশী একলাখ ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে এবং হাইব্রিড ৫৯ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইরি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে চাল উৎপাদন হবে প্রায় সাতলাখ ৭৫ হাজার মেট্রিক টন।

দিনাজপুর জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, এবারে জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে ইরিবোরো ধানের উৎপাদন সফল করতে কৃষি বিভাগ নানামুখী কার্যক্রম শুরু করেছে। জানুয়ারি মাসের শেষের দিকে জেলায় ইরি বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা ভালো হওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছড়িযে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবারে জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৫৭ হাজার ৭৮৮ হেক্টর, বীরগঞ্জে ১৪ হাজার ৯৫৫ হেক্টর, কাহারোলে পাঁচহাজার ৭৫৮ হেক্টর, খানসামায় চারহাজার ৫৬৫ হেক্টর, চিরিরবন্দরে ১৮হাজার ৭০৪ হেক্টর, বোচাগঞ্জে নয়হাজার ২৫৫ হেক্টর, বিরল উপজেলায় ১৩ হাজার ৩৬৪ হেক্টর, পার্বতীপুরে ২৪ হাজার ৩৫০ হেক্টর, ফুলবাড়ীতে ১৪ হাজার ৫৮৫ হেক্টর, নবাবগঞ্জে একহাজার ৮৮০ হেক্টর, বিরামপুরে একহাজার ৬৪০ হেক্টর, হাকিমপুরে সাতহাজার ৫০০ হেক্টর এবং ঘোড়াঘাটে নয়হাজার ৯৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাব-ডিলার ১৭১জন এবং বিসি আই সি ডিলার ১৩৩ জনসহ মোট ৩০৪ ডিলার সার বিক্রি করবেন।

জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকের ইরি বোরো চারা রোপণে বৈদ্যুতিক সেচযন্ত্র ব্যবহারে নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেলায় অবস্থিত ২টি পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।