নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কাজী খায়রুজ্জামান শিপন। গতকাল মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার অনুসারী বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার মুঠোফোনে নিজেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, আপনারা জানেন কয়েকদিন ধরে আমাকে এবং আমার নেতাকর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছেন। আমাকে বিদেশি নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে এই নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি আরও বলেন, আমি ২০১৮ সালেও বিএনপির প্রার্থী ছিলাম। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকি-ধমকি অব্যাহত রাখা হচ্ছে। এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।
এই অবস্থায় মনে করি, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করার চেষ্টা করলেও, তারা পারেনি। এই অবস্থায় আমরা মনে করি প্রত্যন্ত (রিমোট) এলাকা মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমরা নির্বাচনে প্রার্থিতার পদ থেকে সরে দাঁড়িয়েছি। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে গেল ২১ জানুয়ারি কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করা হয়।
