ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভাঙারির দোকান হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে একটি মর্টারশেল।
গতকাল মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের ভাই ভাই ভাঙারির দোকান হতে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) রনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩ এস এর ৮০০ গজের বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল সদৃশ বস্তু ভাঙারির দোকানে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানানো হয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, রনচন্ডী বাজারের একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত অবস্থায় মর্টাল শেল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়।
পরে সেটি উদ্ধার করে জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
