সিরাজগঞ্জের চরাঞ্চলে ভোটগ্রহণে ব্যাপক নিরাপত্তা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চরাঞ্চলের ৩টি আসনে নির্বাচনে ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভোটের আগের দিন এ ক্যাম্প স্থাপন সম্পন্ন করা হয়। এ ক্যাম্পে দায়িত্বরতরা ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা এবং ভোটের সরঞ্জাম আনা নেওয়া করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা বিধৌত এ জেলার কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে ভোটারদের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এইচএম খোদাদাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটের নিরাপত্তায় চরাঞ্চলের ৩টি ইউনিয়নে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ উপজেলার ওমরপুর ইউনিয়নে সেনাবাহিনীর ৩০ সদস্য ও বিজিবির ২০ সদস্যের দল এ ক্যাম্প করেছে। এছাড়া মোবাইল টিম হিসেবে তিনটি ভাগে ১৫ থেকে ২১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া ঘোরজান ইউনিয়ন ও স্থল ইউনিয়নে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি দল এ ক্যাম্প করবে এবং পুলিশ সদস্যরা মোবাইল টিম হিসেবে দায়িত্বে থাকবে।

এ উপজেলায় ৪৩টি কেন্দ্রের মধ্যে অতীতে যেসব জায়গায় অপরাধ প্রবণতার অভিযোগ ছিল সেই ধরনের ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজু রহমান বলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে যমুনা নদীর পশ্চিমপাড়ে অবস্থিত ৬টি ইউনিয়নে ভোটের নিরাপত্তায় ১০০ জন সেনাবাহিনী ও বিজিবির সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়নে ৪০ সদস্যের একটি বিজিবির দল এবং সেনাবাহিনীর ৬০ সদস্যের ২টি দল চরগিরিস ও মনসুরনগর ইউনিয়নে ক্যাম্প করেছে। এছাড়া পুলিশ সদস্যরাও মোবাইল টিমের দায়িত্ব পালন করবেন।