বদলগাছীতে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে মুদি দোকানের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদ নামে এক ব্যবসায়ীর মুদি দোকানের পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টহলরত অবস্থায় বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন র্যাবের সদস্যরা। পরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে ৪টি ককটেল সাদৃশ্য বস্তু এবং চারটি কাঁচের বোতল উদ্ধার করে। এসব বোতলে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম রাখা হয়েছিল। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়। সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। জানতে চাইলে ধমক দিয়ে বলেন ব্যাগে হাত দেওয়া যাবে না। ব্যাগটি তারা রেখে চলে যান। বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেলগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এসব বিস্ফোরক কেন সেখানে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
