আগ্নেয়াস্ত্রসহ পাবনায় আটক তিন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন (২০) নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিন ঝালকাঠী জেলার কাঠালিয়া চিংড়াখালী গ্রামের কামাল হোসেনের ছেলে। আটক শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামাণিককে (৪৭) তার বসতবাড়ি থেকে আটক করে।
একইদিন ডিবি পুলিশের অপর একটি দল আটক মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও মোট ৫৯ রাউন্ড গুলি উদ্ধার করে। মমিনুর ইসলাম খোকন (৩৩) ঈশ্বরদী উপজেলার বড়ই চারা গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
