নাশকতা ঠেকাতে রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজবাড়ীতে ভোটকেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। গতকাল বুধবার সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধনিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ীর জন্য আমরা আলাদাভাবে কেন্দ্র মনিটরিং করার জন্য ড্রোন অপারেটর নিয়ে এসেছি। ড্রোনের মাধ্যমে আমরা ভোটকেন্দ্রে নজরদারি রাখব। আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকা নির্ধারণ করে ও কেন্দ্রের চাহিদা অনুযায়ী নিরাপত্তা বিধান নিশ্চিত করব। এরইমধ্যে আমাদের অস্থায়ী ক্যাম্পের টিমগুলো কেন্দ্র পরিদর্শন করছে। আজকে আমরা রাজবাড়ীর দুটি আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করব। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর দিকে আমাদের বাড়তি নজরদারি থাকবে।
তিনি বলেন, আপনারা জানেন এরইমধ্যে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে নির্বাচনকালীন একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্বে প্রত্যেকটা আসনভিত্তিক আমরা পেট্রোল দিয়েছি। এর পাশাপাশি আমাদের সিভিল পোশাকেও লোক থাকবে। তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা ডেপ্লয়মেন্ট হয়েছি নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী ৩টা বিষয়কে মাথায় রেখে। আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। এরপরেও যদি কোনো প্রকার সহিংসতা ঘটে ও অপতৎপরতার চেষ্টা করা হয়ে থাকে আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেব। নিরাপত্তা নিয়ে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন- র্যাব-১০,
সিপিসি-৩ ফরিদপুর জেলা ও রাজবাড়ী জেলায় নিরাপত্তা কার্যক্রম দিয়ে আসছি। নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীতে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। একজন অফিসারের নেতৃত্ব ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে আমরা আইনগত ব্যবস্থা সমুন্নত রাখার জন্য চেষ্টা করব। ভোটের পরেও যদি কোনো ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ হয়ে থাকে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নেব। ভোটকেন্দ্র পরিদর্শনকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র এএসপি গাজী লুৎফর রহমান, ডিএডি রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
