‘কল্পনা করিনি জীবনে আর ভোট দিতে পারব’
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমি কল্পনা করিনি জীবনে কখনও আর ভোট দিতে পারব। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তিনি এ কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে আজ প্রথম ভোট দিয়েছেন। বাবর ১৯৯১ সালে এই আসন থেকে প্রথমবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জায়গা করে নেন বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভায়। ওই সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন অত্যন্ত প্রভাবশালী। একই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
