সাতক্ষীরাকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মিথ্যা মামলামুক্ত করার অঙ্গীকার করেছেন। গতকাল শুক্রবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিস আফরোজ খানম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের হাতে ফলাফলের কপি তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান তিনি। ঘোষিত ফলাফল অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতউল্লাহ এবং সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এছাড়া সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে হাফেজ রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলাফল পাওয়ার পর অধ্যক্ষ ইজ্জতউল্লাহ প্রতিক্রিয়ায় বলেন, সাতক্ষীরার কোনো মানুষকে আর কখনও হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হবে না। আমরা সে বিষয়ে কঠোর ভূমিকা রাখব। সাধারণ মানুষ বিপুল উৎসাহ ও প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই আস্থার প্রতিদান দেব।