চাঁপাইনবাবগঞ্জে ১০ জনের জামানত বাজেয়াপ্ত
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয় লাভ করেছেন। তবে এ জেলায় নির্বাচনে মূলত জামায়াত ও বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলের প্রার্থীরা একদিকে পর্যাপ্ত পোলিং এজেন্ট দিতে পারেননি আবার নির্বাচনি ফলাফল শেষে জামানতও বায়োজাপ্ত হয়েছে তাদের।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে ৬ জন ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১০ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন : এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮ ভোট।
এছাড়া এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১ হাজার ৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমাস্তাপুর ও ভোলাহাট) : এই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।
