ফেনীতে ভোটারের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে বিএনপির দোয়া

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীর তিনটি আসনে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা।

গতকাল শুক্রবার বাদ জুমা ফেনীর প্রতিটি জামে মসজিদে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানায়, জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা জেলার প্রতিটি জামে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করেছে। এতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মসুল্লিরা অংশগ্রহণ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) পোস্টালসহ বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু ১১৯৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ৮৫৬১৫ ভোট পেয়েছেন। বিএনপির রফিকুল আলম মজনু বেসরকারিভাবে নির্বাচিত।

অপরদিকে ফেনী-২ সদর আসনে পোস্টালসহ বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ১৩১২১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু ৮০০৫৮ ভোট পেয়েছেন। অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে পোস্টালসহ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ১৫৭৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১০৮১৬০ ভোট পেয়েছেন। আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত। (১৬১ কেন্দ্রের সবগুলো)।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক ফেনীর তিনটি আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।