সিরাজগঞ্জে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৩৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এরমধ্যে ৫টিতে বিএনপি ও ১টি আসনে জয় হয়েছেন জামায়াত প্রার্থী। এ নির্বাচনে বিজয়ী ও তার নিকটতম প্রার্থী বাদে ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ নিয়ে অনেক স্থানে আলোচনাও জমে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। এই ২ প্রার্থী ছাড়া ওই আসনের বাকি ৪ প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টির জহুরুল ইসলাম ২ হাজার ৩৪ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) মল্লিকা খাতুন ১ হাজার ১৭০ ভোট, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব ৩২ ভোট ও স্বতন্ত্র আব্দুস সবুর পেয়েছেন ২৬৩ ভোট। এ আসনের কেন্দ্রগুলোতে ২ লাখ ৮৪ হাজার ২১৪টি ভোট পড়েছে। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তারা হলেন, ইসলামী আন্দোলনের মো. মহিবউল্লাহ পেয়েছেন ২ হাজার ১৬৭ ভোট, বাসদের এসএম আব্দুল্লাহ আল মামুন ৮৬৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আনোয়ার হোসেন ৭৬৯ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) মোহাম্মদ মাহফুজুর রহমান ৪১০ ভোট ও জনতার দলের সোহেল রানা ১৮২ ভোট পেয়েছেন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৭টি। এ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির ফজলুল হক ১ হাজার ৬৫৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন ১ হাজার ৬ ভোট পেয়েছেন।