দুর্গাপুরে বিএনপির তিন সহযোগী সংগঠন বিলুপ্ত

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুর্গাপুর উপজেলার সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শনিবার পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনগুলোর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চন্ডিগড় ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি গত শনিবার থেকে বিলুপ্ত করা হয়। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না। সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান হয়েছে। ছাত্রদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্যসচিব আলমগীর হোসেন।

অন্যদিকে যুবদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম কাইয়ুম ও সদস্য সচিব মো. ইউসুফ খান। অন্যদিকে স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর্জা এসএ নজরুল ও সদস্যসচিব হিমেল সরকারের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হয়- ১৪ ফেব্রুয়ারি থেকে ৩ নম্বর চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির কোনো সদস্য ভবিষ্যতে তাদের পদবি ব্যবহার করতে পারবে না।