খাগড়াছড়িবাসী ওয়াদুদ ভূইয়াকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ ব্যবধান গড়তে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের। এত কষ্টের পর কাঙ্ক্ষিত ফলাফলে এখন আনন্দের জোয়ারে ভাসছে পাহাড়বাসী। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়াদুদ ভূইয়া আবারও তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন জেলাবাসীর প্রত্যাশা ও অপেক্ষা ওয়াদুদ ভূইয়াকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখার।
তথ্য মতে, ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছে প্রায় ৬৮ হাজার ৩১৫ ভোট। ব্যবধান ৮২ হাজার ৭২৫ ভোট। তিনি পাহাড়ি-বাঙালি কেন্দ্রগুলোতে বিপুল ভোট পেয়েছেন। তবে তার এ নির্বাচিত হওয়ার পথটা সহজ ছিল না। ছিল পিচ্ছিল ও নানামুখী ষড়যন্ত্র। কিন্তু পাহাড়ি-বাঙালি ভোটার সে ষড়যন্ত্র ছিন্ন করে ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করেছে। সাধারণ নাগরিকদের প্রত্যাশা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াদুদ ভূইয়াকে পূর্ণ মন্ত্রীর চেয়ারে দেখা।
একনজরে ওয়াদুদ ভূইয়ার রাজনৈতিক ক্যারিয়ার : ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে নির্বাচিত হলে তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হয়। তার দায়িত্বকালে পাহাড়ে পর্যটন শিল্প, শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়।
নাগরিক সমাজের দাবি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব হিসেবে ওয়াদুদ ভূইয়াকে পূর্ণ মন্ত্রীত্ব দেওয়া হলে পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার পাশাপাশি ব্যাপক উন্নয়ন হবে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এর খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি অরুণ কান্তি চাকমা বলেন, ওয়াদুদ ভূইয়া নিরঙ্কুশ জনপ্রিয়তা নিয়ে সংসদ সদস্য হয়েছে। পাহাড়ের আপামর জনগণ বড় স্বপ্ন নিয়ে তাকে সংসদ সদস্য বানিয়েছেন। এ স্বপ্ন বাস্তবায়নে তাকে নতুন সরকারের মন্ত্রী সভায় দেখতে চায় পাহাড়ের মানুষ।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাচাথোয়াই মার্মা বলেনে, অনেক প্রত্যাশা নিয়ে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। আশা করি বিএনপির চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নতুন সরকারে। উনাকে দাবি জানাব ওয়াদুদ ভূইয়াকে পূর্ণ মন্ত্রীত্বের আসনে বসিয়ে পাহাড়ি-বাঙালির প্রত্যাশাপূরণ করবেন।
বাংলাদেশ ত্রিপুরা সংসদের উপদেষ্টা ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, ওয়াদুদ ভূইয়া পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক। অতীতে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। ওয়াদুদ ভূইয়াকে পূর্ণ মন্ত্রী করা হলে জন প্রত্যাশাপূরণ হবে।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্য বলেন, নানা ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ ওয়াদুদ ভূইয়াকে লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। ভোটারদের প্রত্যাশা ছিল, একমাত্র ওয়াদুদ ভূইয়া পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সুষম উন্নয়ন করতে পারবে।
প্রসঙ্গত, ওয়াদুদ ভূইয়া ১/১১ সকারের আমল থেকে জেল, জুলুম, হামলা-মামলার শিকার হয়েছে। কিন্তু তাকে দমাতে পারেনি। হাসিনামুক্ত পরিবেশে জনগণ তার দীর্ঘ ত্যাগের স্বীকৃতি দিয়েছেন। আর ওয়াদুদ ভূইয়াও তার বিজয় জনগণকে উৎসর্গ করে বলেছেন, এ বিজয়ের সব কৃতিত্ব ও গৌরব পাহাড়ি-বাঙালি জনগণের ভালোবাসা-পরিশ্রমের প্রতিফলন।
