আরাকান আর্মির হাতে জিম্মি ৭৩ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই জেলেদের টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়াস্থ ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল একই ঘাট থেকে সোমবার দুপুরে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে। আরাকান আর্মি নাফ নদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। পরে এদের ফেরত আনা হয়েছে। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মি দাবি করেছে এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।
