গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় গত রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় মো. কাকন মন্ডল নামে এক যুবদল কর্মীর হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কাকন বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। হামলায় আঙুল বিচ্ছিন্নের পাশাপাশি তার পা ভেঙে গেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, হঠাৎ করে অপরিচিত কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আহত কাকন আমাদের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ হামলা করা হয়েছে। আমরা এই বর্বর হামলার কঠোর প্রতিবাদ জানাই। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, আহত ব্যক্তির পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।