দৌলতপুরে দুইপক্ষের গোলাগুলিতে আহত তিন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনা নিয়ে আনিচুর ও প্রতিপক্ষ একই এলাকার সিহাবের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আনিচুর রহমানের নেতৃত্বে তার লোকজন সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষ সিহাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। উভয়পক্ষ একে অন্যকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে দৌলতপুরের সেনা ক্যাম্পের সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে আনিচুর রহমান, নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ আনিচুর রহমানের অভিযোগ, দফাদারপাড়া এলাকার মৃত তফিলের ছেলে সিহাব, মজুদ্দিন দফাদারের ছেলে রিন্টু, সোহরাব উদ্দিনের ছেলে দোয়েল ও জালালসহ ৮-১০ জন তার বাড়িতে চুরি করে। এরপর থেকে তারা গা ঢাকা দেয়। পাশর্^বর্তী পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে সিহাব ও তার লোকজন অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে হানা দিলে তারা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তিনজন আহত হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে আনিচুর জানায়।

গোলাগুলির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আগের বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। গোলাগুলির ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও দফাদারপাড়া, পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।