আ.লীগের অফিস খুলে দেওয়ায় আটক পাঁচ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। তবে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। গতকাল বুধবার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর বিএনপির যুবদলের নেতাকর্মীরা এসে পুনরায় তালা লাগিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আ.লীগের ৫ নেতাকর্মীকে আটক করে।
স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। গতকাল বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান।
এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।
