ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই আগ্রহ প্রকাশ করেন এবং এই জনকল্যাণমূলক কাজে উপজেলার সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

এমপির এই আহ্বানকে স্বাগত জানিয়ে ঈশ্বরগঞ্জের জাতীয়তাবাদী দলের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। তারা মনে করছেন, গত বছর উপজেলা প্রশাসন ভর্তুকি মূল্যে যে হাট বসিয়েছিল, এবার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে তা আরও বড় পরিসরে করা সম্ভব। এ বিষয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ?রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি চাই না দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমার ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক।

গত বছর প্রশাসন সাধ্যমতো চেষ্টা করেছে, এবার আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সেই ধারা আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই। দল-মত নির্বিশেষে আসুন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক ও ‘ভালো ঈশ্বরগঞ্জ’। এতে অন্তত রমজানে গরিব ও মধ্যবিত্ত মানুষগুলো কিছুটা স্বস্তিতে মাংস কিনতে পারবে। বিএনপির কর্মীরা বলেন, আমরা চাই আমাদের ঈশ্বরগঞ্জ হবে একটি মানবিক ও আদর্শ উপজেলা। সংসদ সদস্য যে উদ্যোগের কথা বলেছেন, আমরা তাতে সাধারণ মানুষের স্বার্থে একমত। আমরা চাই সব দল মিলেমিশে মানুষের সেবায় কাজ করি। রাজনীতি মানুষের দুর্ভোগ কমানোর জন্য হওয়া উচিত। উপজেলার সাধারণ মানুষ এই ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, বড় দলগুলো যদি এভাবে সাধারণ মানুষের খাবারের প্লেটে স্বস্তি ফেরাতে এগিয়ে আসে, তবে এটি পুরো দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।