টেকনাফ সৈকত থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকতে দুটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, লাশ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।