মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ৪০ ককটেল ধ্বংস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে ককটেলগুলো একই সঙ্গে ধ্বংস করা হয়। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে সেনাবাহিনী। আজ বরিশালের সেনাবাহিনীর ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ। এ সময় কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে উদ্ধার ককটেল সেনাবাহিনীর এক্সপার্ট দিয়ে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
