নানিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে পাঁচ হাজার টাকা না পেয়ে নানিকে হাতুড়ি ও দাঁ দিয়ে কুঁপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বেদেনা কোচ উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকার বাসিন্দা ও পরেশ চন্দ্র কোচের স্ত্রী। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাতি নয়ন কোচ গত মঙ্গলবার বিকালে নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাগ্?বিতণ্ডা হয়। এরপর রাতে সুযোগ বুঝে নয়ন নানির বাড়িতে অবস্থান নেন। রাত ৯টার দিকে নিহতের স্বামী বাজারে গেলে বাড়িতে একা ছিলেন বেদেনা কোচ। রাত আনুমানিক ১১টার দিকে নয়ন প্রথমে হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দাঁ দিয়ে কুঁপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত দা ও হাতুড়ি ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত নাতি নয়ন। রাত সাড়ে ১১টার দিকে পরেশ চন্দ্র কোচ বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নয়ন কোচকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন এবং একই গ্রামের শ্যামল কোচের ছেলে।