মাদক মামলায় যাবজ্জীবন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আমিনুর রহমান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুর রহমান জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ও তার সঙ্গীয় ফোর্স বাড়াইপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে হেঁটে আসছিলেন আমিনুর। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই বস্তা তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
আদালত রায়ে উল্লেখ করেছেন, পলাতক আসামি যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকে তার দণ্ড কার্যকর হবে। তবে বিচারাধীন সময়ে তিনি যদি হাজতবাস করে থাকেন, তবে সেই সময়কাল কারাদণ্ডের মূল মেয়াদ থেকে বাদ যাবে। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য (ফেনসিডিল) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।
