ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা বাদুড়তলা, বড় বাজার ও নিচের বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এ সময় উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখায় ও বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারা অনুসারে হাসান ফ্লাওয়ার মিলের মালিক মোছা. জেসমিন আরাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।