ঈশ্বরগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, বাজারের তিনটি ফলের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে খেজুর বিক্রি করা হচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সময়ে আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, আড়তদাররা অস্বাভাবিক চড়া দামে লেবু বিক্রি করছেন। লেবুর ক্রয়মূল্য কত এবং কী কারণে এত উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে- তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা বৈধ ভাউচার দেখাতে পারেননি আড়ত মালিক। এই অসংগতির কারণে ঘটনাস্থল থেকে ৪ বস্তা লেবু জব্দ করেন ইউএনও সানজিদা রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, রমজানকে সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে বাজার তদারকিতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
