বকেয়া পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
রাজধানীর উপকণ্ঠ সাভারে তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানার সামনে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ সময় শ্রমিকরা কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। পরবর্তীতে বেলা ১২টার দিকে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
