‘চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেলেন সাবেক ছাত্রদল নেতা’
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
ফুটপাতে দুই ডাব বিক্রেতা চাঁদা না দেওয়ায় তাদের গালিগালাজ করে ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আরমান হোসেন বাবু ডাব ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রেডিও কলোনি স্ট্যান্ড থেকে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলাম।
এ সময় ডাব বিক্রেতা মহাসড়ক সংলগ্ন স্থানে চৌকির উপর ডাব বিক্রি করছিল যার ফলে একটি লেনে যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে তাদের সঙ্গে বাকবিত-তা হয়েছে মাত্র, এখানে চাঁদা আদায়ের যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি দিনের ন্যায় গত বৃহস্পতিবার সকালে রেডিও কলোনি ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলাম। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল চাঁদা দাবি করতে আসে।
এ সময় তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা গালিগালাজ করে চৌকিসহ ২০০টি ডাব নিয়ে যায়। তারা অভিযোগ করে আর বলেন, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০-৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন।
ফুটপাতের অন্যান্য ব্যবসায়ীরা জানায়, আরমান হোসেন বাবু নিজেকে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, যেহেতু আরমান হোসেন বাবু ছাত্রদলের সাবেক নেতা তাই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
