সিরাজগঞ্জে ঘোড়ার মাংসসহ আটক দুইজনের কারাদণ্ড
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ ও মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২ মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ১১ বস্তায় প্রায় ৪০০ কেজি মাংসসহ ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাংস মাটিচাপা দেওয়া হয়। এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার আব্দুল আহাদ, ওসি (তদন্ত) আবু সাইদ, এসআই আলী আকবর, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
