চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল আহাদ চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।
গতকাল রোববার বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানখেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মামা মো. আজাদ বলেন, দুই বছর আগে আহাদের মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়।
এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল। গতকাল রোববার দুপুরে জমির মালিক ধানখেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রস্তুত শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখন কোনো খোঁজ পাওয়া যায়নি।
