গোডাউনে লুকানো ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। ঘটনাটি ঘটেছে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে।

সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নেওয়া হয়। সর্বশেষ গতকাল রোববার ফের অভিযান চালানো হলে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসেননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন।

পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ জানান, ৭৭ আমেরিকান মোটরসাইকেল সন্ধান পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধার মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।