ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা ঝুঁকিতে ডানতীর রক্ষা প্রকল্প

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে প্রকাশ্যে মাটির ব্যবসা চলছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, আশপাশের গ্রামসহ আবাদি জমি। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাশে অন্তত দুইটি স্থানে তীর কেটে ট্রলিতে মাটি তোলা হচ্ছে। ছবি তুলতে গেলে ১৫ থেকে ১৬টি ট্রলি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর তীর থেকে ট্রলিতে করে মাটি কেটে নিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভেতর, ডানতীর রক্ষা প্রকল্পের সামনে থেকেই প্রতিদিন মাটি কাটা হচ্ছে। এতে নদীর পাড় নিচু হয়ে যাচ্ছে এবং সামান্য পানি বাড়লেই ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এই তীরটি তাদের গ্রামের সুরক্ষা দেয়। এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষায় পানি বাড়লে পুরো এলাকা নদীতে ভেঙে যেতে পারে। তারা আরও বলেন, কিছু জমির মালিক অল্প টাকার বিনিময়ে মাটি বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি মাটি কেটে নিচ্ছেন। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, মাটি কাটা বন্ধে কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।