বিজিবির সহযোগিতায় অসুস্থ হাতিকে চিকিৎসাসেবা
রাঙামাটি উত্তর বনবিভাগের উদ্যোগ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
জেলার লংগদু উপজেলার ৩৭ বিজিবি জোন সংলগ্ন রাজনগর এলাকায় অসুস্থ একটি হাতির চিকিৎসার উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ। ৩৭ বিজিবি রাজনগর জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন এর সহযোগিতায় গতকাল সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ এর নেতৃত্বে বনবিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারির অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি টিম লংগদু উপজেলার রাজনগরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা হাতিটির সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসেবা দেন।
এ সময় এ্যালিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা (ই আর টি) ঘটনাস্থলে থাকা অসুস্থ হাতিকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে জঙ্গল থেকে বাইরে বের করে আনলে বন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা হাতির অবস্থা পর্যালোচনা করে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করেন। এলাকায় মোট ১১ থেকে ১৩টি হাতির পাল থাকলেও সেখানে অসুস্থ বড় হাতিসহ একটি হাতির শাবক দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বাসসকে বলেন, গত সপ্তাহ খানেক আগে লংগদু উপজেলার ৩৭ বিজিবির আওতাধীন এলাকায় একটি বড় হাতি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে আমরা বনবিভাগের পক্ষ থেকে অসুস্থ হাতিটিকে চিকিৎসা সেবা দিতে আসি। বনবিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারির অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি টিম আজ সোমবার ঘটনাস্থলে এসে হাতিকে দেখে চিকিৎসার উদ্যোগ নিয়েছে। হাতির জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে হাতিকে ওষুধ খাওয়ানোর জন্য ফরেস্ট বিভাগের টিমসহ ই আর টি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা করছে বিজিবির সদস্যরা। আশা করছি ঠিকমতো ঔষধ খাওয়ানো গেলে হাতিটি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
এ সময় রাঙামাটি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু সালেহ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ব বিদ্যালয়ের কিউরেটর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম নিয়াজী, রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ই আর টি সদস্য এবং ৩৭ বিজিবি জোনের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম থেকে আগত চিকিৎসক টিমের প্রধান চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কিউরেটর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন বাসসকে বলেন, আহত হাতিটির পায়ে আঘাত করা হয়েছে। তার পায়ের আঘাতের বিষয়টি সরেজমিনে গিয়ে আমরা বুঝতে পেরেছি, আমরা আঘাতের বিষয়টি পর্যালোচনা করে কিছু ঔষধ দিয়েছি। তা সঠিকভাবে খাওয়ানো গেলে হাতিটি সুস্থ হয়ে উঠবে। পরে বনবিভাগের কর্মকর্তাসহ সবাই ৩৭ বিজিবি রাজনগর জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন এর সঙ্গে দেখা করেন এবং হাতির সার্বিক বিষয়ে অবগত করেন।
বিজিবি রাজনগর জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, বিজিবি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কাজ করছে। তিনি বলেন, বিজিবির আওতাধীন বিভিন্ন বনে হাতিসহ বিভিন্ন প্রাণী অনেকটাই নিরাপদে থাকে।
