সেপটিক ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু, অসুস্থ দুই
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় মো. হাসান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় অসুস্থ হয়েছেন আরও দুই শ্রমিক। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার এ ঘটনা ঘটে। মৃত হাসান ওই এলাকার আবদুল মোতালেবের ছেলে। অসুস্থ শ্রমিক ফারুক (৬০) ও রিয়াজ (২৭) একই এলাকার বাসিন্দা। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ওই এলাকার মফিজ সর্দারের একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংক নির্মাণের জন্য ১৫দিন আগে ছাদ ঢালাই দেওয়া হয়। ঘটনার সময় তিন শ্রমিক ওই ছাদের সেন্টারিং খুলতে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই শ্রমিকরা অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক হাসান নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া সুলতানা জানান, হাসপাতালে নেওয়ার আগেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
