সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিলেন এমপি আফজাল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী কাপুড়িয়া হাট পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি হাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বাজারের সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে বাজারে অনিয়ম ও সিন্ডিকেট কার্যক্রমের অভিযোগ সামনে আসে।
এসব বিষয়ে এমপি ব্যবসায়ীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা অস্বাস্থ্যকর প্রভাব বিস্তার বরদাস্ত করা হবে না। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে দিকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন সংসদ সদস্য।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বাজার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীরা এমপির সরেজমিন উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ঘোষিত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
