বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, আহত চার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদীতে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছে। গত সোমবার রাতে ধনাগোদা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত স্বামী সৌরভ ও তার স্ত্রী রাহেলা আক্তারকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত স্বামী-স্ত্রী চাঁদপুর সদর উপজলার পূর্ব শ্রীরামদী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার বলেন, তারা নৌকা চড়ে মতলব উত্তর থেকে মতলব দক্ষিণে আসার পথে খেয়াঘাট এলাকায় ট্রলারের ধাক্কায় পানিতে ডুবে যায়। নৌকার মাঝিসহ চারজন ছিল সবাই আহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক ডা. রানা সাহা বলেন, দুইজনকে চাঁদপুরে পাঠানো হয়েছে ও অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
