ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সক্রিয় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। সংঘবদ্ধ এ চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮টি চোরাই ইজিবাইকসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ। গতকাল বুধবার ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, কোতয়ালী থানা এলাকার একটি ইজিবাইক পার্কিং থেকে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রথমে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে চক্রের আরও সদস্যদের আটক করা সম্ভব হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়- চক্রটি দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। চুরি করা ইজিবাইক শনাক্ত এড়াতে তারা যানবাহন ভেঙে যন্ত্রাংশ আলাদা করত, রঙ পরিবর্তন করত, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করত এবং অবৈধ গ্যারেজে পুনঃসংযোজন করে বিক্রি করত।
পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও কোতয়ালী থানা এলাকাসহ শরীয়তপুর ও মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়- এর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল। এছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কাটার মেশিন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইজিবাইকগুলোর মধ্যে একটি কোতয়ালী থানায় দায়ের করা মামলার চুরি হওয়া ইজিবাইক হিসেবে বাদী শনাক্ত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মো. আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
