রংপুরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তার অভিযানে জরিমানা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার রংপুর সিটি কাঁচাবাজারে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার নেতারা।
অভিযানকালে ফলমূলের বাজার ও মুরগির বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬টি দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায়, কালোবাজারি ও নকল পণ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।
অভিযানের সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রেতাদের কাছে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে, রংপুর শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে র্যাব ও পুলিশ সদস্যরা। অভিযানে সড়কের পাশ ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় দখলদারদের সতর্ক করা হয় বলে জানান সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। তিনি জানান পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও শহরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
