‘হাসপাতালের আটতলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা’

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকালে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে হাসপাতালে আসেন মৌসুমী। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে পড়ে যান। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, গত দেড় বছর ধরে মৌসুমী মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও কয়েক দিন ধরে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। গতকাল বুধবার সকালে চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে আনা হয়েছিল।