রসিকের সাবেক মেয়র মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৩ ঠিকাদার ও ৪ ব্যাংক কর্মকর্তা মেঘনা ব্যাংক রংপুর শাখা থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও রংপুর সমনি¦ত জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া। যার মামলা নম্বর ২ তারিখ ২৫.২.২৬। ধারা দণ্ড বিধি আইনের ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুদক আইনের ৫(২) ধারা।

মামলায় আসামিরা হলেন রসিক সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদাসের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ম্যানেজার মাহফুজুল ইসলাম, সহকারী ম্যানেজার একেএম শফিকুল মমতাজ সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং এভিপি মজ্ঞুর হোসেন পাটোয়ারী।

মামলার বিবরণে জানা গেছে আসামিরা অসৎ উদ্দেশে পরস্পর যোগসাজসে অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে প্রতারণা মূলকভাবে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলা করার ব্যাপারে মামলার বাদী রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে মেঘনা ব্যাংকের ৪ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ মামলা করা হয়েছে।