এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেছেন, চিকিৎসকদের নিয়মিতভাবে অফিসে রোগী দেখতে হবে। প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে এবং শিগগিরই দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহ করা হবে। স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না সে বিষয়টি মনিটরিং করা হবে। এ সময় যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এরআগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন দিনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।