দাউদকান্দি উপজেলা পরিষদের সাধারণ সভা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, গেয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান প্রধান, দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ বলেন, মাদকাসক্ত জাতি কখনও দেশের কল্যাণে আসতে পারে না। মাদকাসক্ত যুব সমাজকে দেশের বোঝা হিসেবে আমরা দেখি। কারণ তারা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। মাদক কোন কোন পথ দিয়ে দাউদকান্দি উপজেলায় প্রবেশ করে এ বিষয়ে আইনশৃংখলা বাহিনীকে শক্তহাতে দমন করতে হবে। এ জাতি এবং যুব সমাজকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে।

মাসিক আইনশৃঙ্খলা সভায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা সম্পর্কে সভায় অবগত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা স্ব-স্ব ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং প্রতিরোধ, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাল্যবিবাহ বন্ধ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।