চুয়াডাঙ্গায় তিন দোকানিকে জরিমানা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গার দর্শনায় বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দর্শনা রেল বাজারে বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহন তল্লাশি করা হয়। অভিযান পরিচালনা করেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মাস্টার ফাস্ট ফুড কর্নার অনিয়মের প্রমাণ পাওয়া ২ হাজার টাকা, মনির মুরগির দোকান ১ হাজার টাকা, মো. জয়নাল মুদি দোকান ১ হাজার টাকা। তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে বাজারের আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশসহ দোকান মালিক সমিতি নেতাকে সতর্কতা বার্তা দেওয়া হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
