শরীয়তপুরের সব খাল সচল করা হবে : এমপি কিরণ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

কৃষিতে বিপ্লব ঘটাতে পর্যায়ক্রমে শরীয়তপুরের সব খাল পুনরুদ্ধার ও পুনর্খননের মাধ্যমে সচল করা হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, জেলার পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নে খাল খনন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান কিরণ বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে।

আমরা পর্যায়ক্রমে সব খাল পুনরুদ্ধার করব। খালগুলো সচল হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষিজমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হবে। সেচ ব্যবস্থা চালুর মাধ্যমে কৃষি পণ্য উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষকরা বেশি ফলন পাবেন, তাদের জীবনমান উন্নত হবে এবং জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, সাবেক সাধারণ সম্পাদক মো. মমিনুল হক স্বপন মাঝি, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে সন্ত্রাসী হামলায় আহত শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের নড়িয়ার নশাসন এলাকার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এমপি শফিকুর রহমান কিরণ। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আহত শিক্ষকের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে গত ২৪ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তার ডান হাত ভেঙে যায়। ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে এরইামধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।