নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। নারী-পুরুষের আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল শনিবার নাটোর সার্কিট হাউসে জেলার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন তাই করা হবে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আসি, আমাদের একার পক্ষে সব ধরনের উন্নয়ন করা সম্ভব না। আপনাদের সহযোগিতা ছাড়া এ উন্নয়ন সম্ভব নয়। সেজন্য আপনার সব ধরনের সহযোগিতা প্রয়োজন। আমি একজন সরকারের কর্মচারী হিসেবে জনগণের সেবক হিসেবে জীবনের বাকী সময় কাজ করে যেতে। আপনাদের সঙ্গে সব কাজ করতে চাই।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোরের চারটি আসনের উন্নয়ন আমি সমানভাবে করবো। উন্নত নাটোর করতে যা যা প্রয়োজন তাই করা হবে । যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের সুয়োগ করা হবে। নারী-পুরুষের আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। উত্তরাঞ্চলে কৃষি প্রধান অঞ্চলগুলোতে ভূমিকা রাখতে চাই। কৃষকদের উন্নয়ন সাধন করে পুরো বাংলাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়ন করতে চাই।
এসব কাজ একদিনে করা সম্ভব নয় সেজন্য সময়ের প্রয়োজন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন। এছাড়াও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
