আমগাছের শাখায় শাখায় মুকুল
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শাহীন গোলদার, সাতক্ষীরা

বাংলার প্রকৃতিতে সবে এসেছে বসন্ত। আমের মুকুলের ম ম ঘ্রাণে মুখরিত এখন গোটা সাতক্ষীরা। গাছে গাছে দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে সেই মুকুলের উতাল করা ঘ্রাণ। শহর কিংবা গ্রামে সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে সোনালি রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। আমের রাজ্য হিসেবে খ্যাত সাতক্ষীরার প্রতিটি আম বাগানে লেগেছে প্রাণের ছোঁয়া। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। কৃষি বিভাগ বলছে, এবার শীতে কুয়াশা তুলনা মূলক কম এবং প্রকৃতিক দুর্যোগ না হওয়ায় প্রতিটি আম গাছে মুকুল দেখা দিয়েছে ভালো। এতে আশার আলো দেখছেন আম চাষিরা।
সাতক্ষীরা জেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সাতক্ষীরা জেলায় চার হাজার ১৪৫ হেক্টর জমিতে আমের আবদ করা হয়েছে এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। সাতক্ষীরা সদরের আম চাষি আব্দুর রহিম ও তালা উপজেলার নগরঘাটার গ্রামের আম চাষি হাবিবুর রহমান হাবিব জানান, অনুকূল আবহাওয়া ও কম কুয়াশার কারণে এবার ভালো ফলনের আশায় বুক বাঁধছেন আম চাষিরা। গাছে আগাম মুকুল আসায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কুয়াশা কম থাকায় চলতি বছর আমের চমৎকার মুকুল হয়েছে। আশা করছি চলতি বছর আমের বাম্পার ফলন হবে।
তিনি আরও বলেন, জেলার সাত উপজেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন।
